রাজধানী

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

(বাসস) : বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ বিলস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নবনিযুক্ত সভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় পুনঃনির্বাচিত মহাসচিব নজরুল ইসলাম খান নবগঠিত কমিটির নির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যকে স্বাগত জানান।

এ সময় তিনি বিলস প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সংগঠনের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। 

একইসঙ্গে তিনি নিরপেক্ষভাবে সকল শ্রমিকের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় বিলস-এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালনার লক্ষ্যে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় সংগঠনের সহ-সভাপতি এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাস, আনোয়ার হোসাইন, যুগ্ম মহাসচিব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শাকিল আকতার চৌধুরী এবং আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাদল খান ও নাসরিন আক্তার দিনা এবং নির্বাহী সদস্য মজিবুর রহমান, এম আর মঞ্জু ও রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।