ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে জাল টাকার নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সপাল অফিস চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. আসলাম হোসেন ও মো. আব্দুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসির জীবননগর শাখার ম্যানজার  মো. আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন।
কর্মশালায় বক্তারা বলেন, জাল নোট বাজারে ছড়িয়ে পড়লে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কাগুজে মুদ্রার প্রতি আস্থা কমে যায় এবং দেশের আর্থিক ব্যবস্থাও হুমকির মুখে পড়ে।
তাঁরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, জাল নোট তৈরি, বহন বা লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে।
জীবননগর সোনালী ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে আসল ও জাল নোট শনাক্তের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এ সময় জাল নোট প্রতিরোধে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

;