চুয়াডাঙ্গার সংগীত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ সিরাজুল ইসলাম আর নেই
চুয়াডাঙ্গার শিল্প-সংস্কৃতি অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, জেলা শিল্পকলা একাডেমির তালযন্ত্র (তবলা) প্রশিক্ষক, জেলা শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ মো. সিরাজুল ইসলাম মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল
প্রায় ৭৩ বছর । দীর্ঘ কর্মজীবনে তিনি চুয়াডাঙ্গার অসংখ্য শিক্ষার্থীকে সংগীত ও তালযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তাঁর জ্ঞান, নিষ্ঠা ও ভালোবাসায় গড়ে উঠেছে বহু শিল্পী ও সংগীতপ্রেমী।
শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না—ছিলেন একজন অভিভাবক, পথপ্রদর্শক ও আপনজন। তাঁর স্নেহ, আন্তরিকতা ও সংগীতের প্রতি গভীর ভালোবাসা শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তী সময়ে চুয়াডাঙ্গার শিল্প-সংস্কৃতির বিকাশে তাঁর নিরলস ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত পরিবার, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল গভীর সমবেদনা।
চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে ওস্তাদ সিরাজুল ইসলামের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।