ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

যাদের জন্য ব্যয় করা আল্লাহর কাছে প্রিয়

পরিবারের জন্য খরচ : আমরা সাধারণ দায়িত্ববোধ থেকেই পরিবারের জন্য খরচ করি। পরিবারের জন্য আমাদের শ্রম ও খরচও মহান আল্লাহর কাছে সদকা হিসেবে গণ্য হয়। সাওবান (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি যেসব দিনার (বা স্বর্ণমুদ্রা) ব্যয় করে থাকে এর মধ্যে ওই দিনারটি উত্তম, যা সে তার পরিবার-পরিজনের উদ্দেশে খরচ করে। অনুরূপভাবে আল্লাহর পথে (অর্থাৎ জিহাদের উদ্দেশ্যে) তার আরোহণের জন্তুর জন্য সে যে দিনার ব্যয় করে তা উত্তম এবং আল্লাহর পথে তার সঙ্গী-সাথিদের জন্য যে দিনার ব্যয় করে তা উত্তম। (মুসলিম, হাদিস : ২২০০)

অন্য হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, চারটি স্বর্ণমুদ্রা, যার একটি দিলে দরিদ্রদের, আরেকটি দিনারে গোলাম আজাদ করলে, আরেকটি খরচ করলে আল্লাহর রাস্তায় ও আরেকটি খরচ করলে পরিবারের জন্য; এগুলোর মধ্যে যে মুদ্রাটি পরিবারের জন্য খরচ করলে (সওয়াবের দিক থেকে) সেটাই উত্তম। (মুসলিম, হাদিস : ২২০১)

এতিমের দায়িত্ব নেওয়া : এতিমরা সাধারণত অসহায় হয়ে পড়ে। স্বার্থের এই দুনিয়ায় তাদের সঠিক তত্ত্বাবধানের দায়িত্ব কেউ নিতে চায় না। অথচ এই উত্তম সদকার নামান্তর। এর পুরস্কারও অনেক বড়। রাসুল (সা.) বলেছেন, ‘আত্মীয় বা অনাত্মীয় এতিমের রক্ষণাবেক্ষণকারী ও আমি জান্নাতে এই দুই আঙুলের ন্যায় কাছাকাছি থাকব। বর্ণনাকারী মালেক (রহ.) হাদিস বর্ণনার সময় শাহাদাত ও মধ্যমা আঙুলের দ্বারা ইঙ্গিত করে দেখান। (মুসলিম, হাদিস : ৭৩৫৯)

প্রতিবেশীর জন্য খরচ করা : ইসলাম প্রতিবেশীকে এতটাই গুরুত্ব দিয়েছে যে সাহাবায়ে কেরামের ধারণা হয়েছিল সম্ভবত প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে আমর (রা.)-এর জন্য তাঁর পরিবারে একটি ছাগল জবেহ করা হলো। তিনি এসে বলেন, তোমরা কি আমাদের ইহুদি প্রতিবেশীকে (গোশত) উপহার পাঠিয়েছ? আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে জিবরাঈল (আ.) আমাকে অবিরত উপদেশ দিতে থাকেন। এমনকি আমার ধারণা হলো যে হয়তো শিগগিরই প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবে। (আবু দাউদ, হাদিস : ৫১৫২)

তাই প্রতিবেশীর জন্য খরচ করাও উত্তম সদকার অন্তর্ভুক্ত হতে পারে।

ন্যায় প্রতিষ্ঠায় খরচ করা : আল্লাহর জমিনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজের ধন-সম্পদ খরচ করা উত্তম সদকা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘দুর্বল হও অথবা সবল, সর্বাবস্থাতেই তোমরা বের হও এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দ্বারা লড়াই করো। এটা তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে। (সুরা : তাওবা, আয়াত : ৪১)

সদকায়ে জারিয়া : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যখন কোনো লোক মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল (জারি থাকে)। (প্রথম) সদকায়ে জারিয়া; (দ্বিতীয়) ওই ইলম, যা দ্বারা অন্য লোক উপকৃত হয়; (তৃতীয়) নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (নাসায়ি, হাদিস : ৩৬৫১)

মুফতি মুহাম্মদ মর্তুজা

;