বিদেশিদের হজ পালন নিয়ে আলোচনা করছে সৌদি আরব। করোনা মহামারির মধ্যে কোভিড-১৯ সংক্রমণ রোধে শর্ত পূরণ সাপেক্ষে সতর্কতামূলক সব ব্যবস্থা গ্রহণ করে চলতি বছরের হজে বিদেশিদের অংশগ্রহণ নিয়ে ভাবছে দেশটি। রবিবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সূত্রে এ খবর জানানো হয়।
সৌদি গেজেটের খবরে বলা হয়, নাম প্রকাশ না করে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মুখাপাত্র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সৌদির স্বাস্থ্য বিভাগ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং সবার সুরক্ষার বিষয় বিবেচনা করে সতর্কতামূলক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
খবরে আরো বলা হয়, হজের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে পরবর্তীতে এ বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। চলতি বছরের আগামী ১৭ জুলাই হজ অনুষ্ঠিত হতে পারে।
প্রতি বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে মক্কা নগরীতে গমন করেন। কিন্তু গত বছর করোনা মহামারির কারণে সৌদিতে বসবাসরত মাত্র এক হাজার মুসল্লি কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করেন।
সূত্র : সৌদি গেজেট