ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

এবারের হজে পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের আবেদনের সুযোগ

করোনাকালের সীমিত হজে মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াও নারীদের হজের আবেদনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এর মধ্যে দেশটি হজের তিনটি প্যাকেজ ঘোষণা দিয়ে অনলাইনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সৌদি হজ মন্ত্রণালয়ের সূত্রে আরব নিউজ এ খবর জানিয়েছে।

আরব নিউজের খবর থেকে জানা যায়, গতকাল রবিবার (১৩ জুন) দুপুর ১টা থেকে হজের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ জুন রাত ১০টা পর্যন্ত আবেদন চলবে।

নারীরাও মাহরাম তথা পুরুষ অভিভাবক ছাড়াই এবারের সীমিত হজে আবেদন করতে পারবেন বলে আরব নিউজের খবরে বলা হয়। মাহরাম ছাড়া নারীরা অংশগ্রহণের আবেদন করতে চাইলে তাদের উইম্যানস লিগের সদস্য হতে হবে।

আগামী ২৫ জুন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাছাই পর্ব শুরু হবে। নির্বাচিত হওয়ার তিন ঘণ্টার মধ্যে হজের অনুমোদিত প্যাকেজের কোনো একটি নির্বাচন করতে হবে। নতুবা নির্দিষ্ট সময়ের পর তাদের আবেদন বাতিল হয়ে যাবে।

করোনাকালের সীমিত হজে বিভিন্ন মূল্যের তিনটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম প্যাকেজের মূল্য ১৬ হাজার ৫৬০.৫০ রিয়াল (৪ হাজার ৪২৬ ডলার), দ্বিতীয় প্যাকেজের মূল্য ১৪ হাজার ৩৮১.৯৫ রিয়াল এবং তৃতীয় প্যাকেজের মূল্য ১২ হাজার ১১৩.৯৫ রিয়াল। এর সঙ্গে নির্ধারিত পরিমাণ ভ্যাটও যুক্ত হবে।

সৌদিতে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের নিয়ে দ্বিতীয়বারের মতো এবারও সীমিতভাবে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদিতে বসবাসরত মাত্র ৬০ হাজার মুসলিম এবার হজ পালনের সুযোগ পাবেন। এবারের সীমিত হজে যারা কখনো হজ পালন করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

তবে এবার সীমিত হজে অংশগ্রহণ করতে বিভিন্ন শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। এক. অংশগ্রহণকারীকে অবশ্যই ১৮-৬৫ বছর বয়সী হতে হবে। দুই. করোনা টিকার অন্তত একটি ডোজ নির্ধারিত সময়ে গ্রহণ করতে হবে। তিন. দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে হবে। চার. সৌদিতে অবস্থানরতদের মধ্যে যারা গত পাঁচ বছর হজে অংশগ্রহণ করেনি শুধু তারাই এবারের হজে অংশ নেবেন।

গত শনিবার (১২ জুন) শুধু সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’র বিষয়টির অগ্রাধিকারের বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সূত্র : আরব নিউজ।

;