ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

১১৮০ শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার টাকা ছাড়

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ ১ হাজার ১ শত ৮০ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লক্ষ টাকা ছাড় করেছে। আজ মঙ্গলবার উক্ত টাকা ব্যাংকে ছাড় করা হয়।

বৈশ্বিক মহামারি কভিড-১৯ করোনার মহাদুর্যোগে কঠিন লকডাউনের মধ্যেও রাষ্ট্রিয় জন গুরুত্বপূর্ণ বিবেচনায় আসন্ন কোরবানির ঈদের পূর্বেই উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের সকল ছুটি বাতিল করা হয়। স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করতে যেয়ে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের এজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।

শুক্রবার ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন। আজ মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে ১ হাজার ১ শত ৮০ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধার ৫২ কোটি,৬০ লক্ষ, ৫৭ হাজার, ১৩১ টাকা আমরা ব্যাংকে ছাড় করা হয়েছে।

ইএফটির মাধ্যমে আগামী বৃহস্পতিবারের মধ্যেই উল্লেখিত শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কতৃপক্ষ জানিয়েছেন।

শত সীমাবদ্ধতা ও সংকটের মধ্যেও করোনাকালীন এই মহাদুর্যোগের মধ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত কাজে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশির মহাপরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরাও সর্বোত সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এ ছাড়াও ১৬ জুন ২০২১ তারিখে ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লক্ষ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে ১৩ জুলাই ২০২১ পর্যন্ত উল্লেখ্যযোগ্য পরিমাণ শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ১২ হাজার ৭ শত ৪৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লক্ষ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়।

;