প্রধান তথ্য অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন ও প্রেস) মো. শাহেনুর মিয়াকে। অতিরিক্ত দায়িত্ব্ব হিসেবে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, চুক্তিতে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা সুরথ কুমার সরকারের মেয়াদ ১৪ই জুলাই শেষ হয়ে যাওয়ায় প্রশাসনিক কাজের স্বার্থে শাহেনুর মিয়াকে আর্থিক ক্ষমতাসহ ওই দায়িত্ব দিয়েছে সরকার। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় বুধবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ত্রয়োদশ বিসিএসের কর্মকর্তা শাহেনুর মিয়া ১৯৯৪ সালে তথ্য ক্যাডারে যোগ দেন। গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায় ও সদর দপ্তর এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পদে তিনি এর আগে দায়িত্ব পালন করেছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহেনুর মিয়া গত ১৮ বছর ধরে তথ্য অধিদপ্তরে সংবাদকক্ষ, প্রটোকল, সমন্বয় শাখায় দায়িত্বসহ সিনিয়র ডিপিআইও এবং অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে আসছেন।