দাদুর সঙ্গে দেখা করতে হবে। তাই কাঁটাতারের বাধা অগ্রাহ্য করেও এ পারে ঢুকেছিল বাংলাদেশের এক নাবালক। তবে দাদুর সঙ্গে দেখা হলেও নিজের বা়ড়ি ফিরতে গিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ধরা পড়ে গেল সে। বৃহস্পতিবার ওই নাবালককে গ্রেফতার করলেও দু’দেশের মৈত্রীর বন্ধনের কথা মাথায় রেখে তাকে বাংলাদেশের হাতে তুলে দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ৭৮ ব্যাটালিয়ানের অন্তর্ভুক্ত ফিরোজপুর সীমান্ত চৌকি এলাকায় মহম্মদ নয়ন আলি নামে এক নাবালককে গ্রেফতার করেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনস্থ বিএসএফের জওয়ানেরা। জিজ্ঞাসাবাদের সময় ১২ বছরের নয়নের দাবি, কোনও অসৎ উদ্দেশ্যে নয়, তার দাদু ইরামুল শেখের সঙ্গে দেখা করতেই এ দেশে ঢুকেছিল সে। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সীমান্তের বেড়া লঙ্ঘন করে ওই নাবালক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার বাজিতপুর গ্রামে গিয়ে দাদুর সঙ্গে দেখা করে সে। এর পর বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের জোহরপুর গ্রামে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল। তবে সীমান্তেই ধরা পড়ে যায় নয়ন আলি।
সুত্রঃ আনন্দবাজার