হাসান নিলয়ঃ
করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর ব্যক্তিগত খরচে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১০ টার সময় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর প্রথমে জীবননগর উপজেলার শিয়ালমারী আদিবাসী পল্লীতে শতাধিক আদিবাসীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা সংক্রমণের কারণে আদিবাসী পল্লীর অধিকাংশ মানুষ বাড়িতে বেকার বসে আছেন। এ কারণে ওই সব পরিবার খাদ্য সংকটে ছিলেন।এরপর জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বরে সাড়ে তিন শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠি ও আদিবাসী সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মদ প্রদীপ,সাংবাদিক সালাউদ্দীন কাজল,ইউপি সদস্য আশরাফুল ইসলাম রতন,ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আমির হোসেন,আমিনুল ইসলাম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন,সরকারের সঠিক পদক্ষেপের কারণে চুয়াডাঙ্গা জেলায় করোনা সংক্রমণ পরিস্থিতি অনেক কমে এসেছে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। এছাড়া তিনি সরকারের পাশাপাশি বিত্তশালীদেরকে ব্যক্তিগত খরচে অসহায় ও দুস্থ মানুষদেরকে খাদ্য সামগ্রী সহযোগীতা করার আহ্বান জানান। এসময় সরকারের পাশাপাশি ব্যক্তিগত খরচে আরও খাদ্য সামগ্রী সহযোগীতা করার আশ্বাস দেন সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক প্যাকেটে ছিলো- ১০ কেজি করে চাল, ৩ কেজি করে আলু, ১ কেজি করে ডাল, ১ লিটার করে তেল, ১ কেজি করে পিয়াজ ও ১ কেজি করে লবন।