ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বিশ্বকাপ ২০২২ বাছাই , ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো কাল

গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। দুই মাসের ব্যবধানে ওই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে নেইমারদের সামনে। আগামীকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে ব্রাজিল। সাও পাওলোয় স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) শুরু হবে সুপার ক্ল্যাসিকো।

ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথকে বলা হয় ‘সুপার ক্লাসিকো ডে লাস আমেরিকাস’। এই ক্লাসিকোর সর্বশেষ দ্বৈরথটি অনুষ্ঠিত হবে সাও পাওলোর নিও কুইমিকা অ্যারেনায় (সাবেক অ্যারেনা করিন্থিয়ানস)।

দুর্দান্ত এক লড়াইয়ের আভাস মিলছে। বিশ্বের অন্যতম সেরা দুই দল রয়েছে দুরন্ত ফর্মে, বিশ্বকাপ বাছাইয়ে দুই দলই অপরাজিত। বাছাইপর্বে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সাতটিই জিতেছে ব্রাজিল। সর্বশেষ গত শুক্রবার চিলির মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়েছে তিতের দল। অপরাজিত ব্রাজিল এবার আর্জেন্টিনাকে হারিয়ে থাকতে চাইবে জয়রথে।

হাইভোল্টেজ ম্যাচে নেইমার, ক্যাসেমিরো ও মার্কুইনোসরা থাকলেও ব্রাজিল পাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগ ভিত্তিক বেশ কিছু তারকাকে। থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জুেসস, রিচার্লিসন, এডারসন, অ্যালিসন ও রবার্তো ফিরমিনোকে আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমতি দেয়নি তাদের ক্লাবগুলো। এদের অনুপস্থিতিতে চিলির বিপক্ষে ব্রাজিলকে জিতিয়েছেন বদলি খেলোয়াড় এভারটন রিবেইরো। ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি।

অন্যদিকে আর্জেন্টিনার নেতৃত্বে রয়েছেন পিএসজি সুপারস্টার লিওনেল মেসি। পিএসজির জার্সিতে অভিষেক ঘটার পরই মেসি চলে এসেছেন জাতীয় দলের ডাকে। খেলেছেন ভেনেজুয়েলা ম্যাচ। এবার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

এ বছর কোপা ফাইনাল জয়ের পর আলবিসেলেস্তেরা আরেকবার ব্রাজিলের দূর্গে হানা দিয়ে জয় তুলে নেয়ার স্বপ্ন দেখছে। বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচে ভেনেজুয়েলার মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সব মিলে, সাত ম্যাচে চারটি জয় ও তিনটি ড্র করে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল।

লাউতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি আর মেসিকে নিয়ে গড়া শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

সর্বশেষ ১০ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল পাঁচটিতে আর আর্জেন্টিনা চারটিতে জিতেছে, বাকি একটি ম্যাচ ড্রতে শেষ হয়েছে। সর্বশেষ লড়াইটা ছিল গত জুলাই মাসে মারাকানায় কোপা আমেরিকা ফাইনাল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। এবার লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করবে অতি সাম্প্রতিক কোপা ফাইনাল আর দুই দলের দুরন্ত ফর্ম। সাও পাওলোর এ লড়াই দারুণ জমে উঠতে পারে।

লাতিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকিট। এছাড়া পঞ্চম দলটি আন্ত:মহাদেশী প্লে-অফ ম্যাচ খেলবে।

ডেস্ক রিপোর্ট

 

;