রাজপ্রাসাদে রাজকীয় রীতিনীতির মধ্যে বেড়ে উঠলেও সব ছেড়ে সাধারণ ঘরের এক ছেলেকেই বিয়ে করতে যাচ্ছেন জাপানের সম্রাট নারুহিতোর ভাতিজি মাকো। জাপানের রাজপরিবারের বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্বে থাকা সংস্থা রাজকুমারী মাকোর বিয়ের তারিখ ঘোষণা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ঘোষণা অনুযায়ী, রাজকুমারী মাকো আগামী ২৬ অক্টোবর তাঁর বাগদত্তা কিই কুমুরোকে বিয়ে করতে যাচ্ছেন।
জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো মেয়ে যদি সাধারণ ঘরের কাউকে বিয়ে করেন, তাহলে তাঁকে রাজ পদবি ছাড়তে হয়। তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য এ ধরনের কোনো বিধান নেই। সে নিয়ম জেনে এবং মেনেই পছন্দের মানুষের গলায় মালা দিতে চলেছেন মাকো।
টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় ২০১২ সালে দুজনের পরিচয়। এর পাঁচ বছর পর হয় বাগদান। এই যুগল প্রথমে ২০১৮ সালেই বিয়ে সারার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে তা পিছিয়ে যায়।
কয়েক বছরের নানা বিতর্কের পর অবশেষে রাজকুমারী মাকো তাঁর একসময়ের সহপাঠী কুমুরোকে বিয়ে করে রাজ পদবি ত্যাগ করতে যাচ্ছেন। বিয়ের পর দুজনই যুক্তরাষ্ট্রে থাকা শুরু করবেন—এমন অনুমানের কথা জানায় বিভিন্ন সংবাদমাধ্যম। কুমুরো সেখানে আইন পেশায় কর্মরত।
প্রাসাদ ছাড়ার সময় জাপানের রাজপরিবারের সদস্যদের এককালীন সর্বোচ্চ ১৫ কোটি ইয়েন (১৩ লাখ ডলারের মতো) পর্যন্ত দেওয়ার রীতি আছে। কিন্তু রাজ পদবি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া মাকো সেই অর্থও নিচ্ছেন না। ধারণা করা হচ্ছে, রাজকুমারী রাজপরিবারের বিয়ের প্রচলিত আচার-অনুষ্ঠানগুলোও বর্জন করতে যাচ্ছেন।
সূত্র : বিবিসি।