ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

টি২০ বিশ্বকাপ ২০২১-এর পর্দা উঠছে আজ।

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর পর্দা উঠছে আজ। সপ্তম টি২০ বিশ্বকাপের আয়োজক ভারত হলেও কভিড-১৯ পরিস্থিতির কারণে আসরটি বসছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। আজ উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। ওমানের আল আমরাতে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য খানিকটা চ্যালেঞ্জের, যারা দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে। যদিও সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি২০ সিরিজে হারিয়ে দেয়া টাইগাররা আজকের ম্যাচের জন্য পুরো আত্মবিশ্বাস নিয়েই নামছে। আবার ফেভারিটের তকমা নিয়ে নামা বাংলাদেশকে কোনো ছাড় দেবে না স্কটিশরা।

আজ উদ্বোধনী দিন প্রথম ম্যাচে স্বাগতিক ওমান খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে, ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। যদিও দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার জানালেন, প্রথম ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ। তিনি বলেন, আমরা বেশ ভালো ক্রিকেট খেলে এসেছি দেশের মাঠে সিরিজে। দলও যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচই, সেটা নিয়ে খুব বেশি বিচার করতে চাচ্ছি না। অবশ্যই আমাদের খুব ভালো ধারণা হয়ে গেছে, বিশ্বকাপে কিসের মুখোমুখি হতে পারি। কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। আমার মনে হয় আমরা প্রস্তুত।

প্রস্তুতি ম্যাচগুলোয় দলের কয়েকজন সেরা খেলোয়াড়কে পায়নি বাংলাদেশ। সে কথা মনে করিয়ে দিয়ে বাশার বলেন, আমাদের মূল একাদশ ছিল না। মুস্তাফিজ মাত্র আইপিএল থেকে ফিরল, সাকিবকে পাইনি, অধিনায়ক (মাহমুদউল্লাহ) কোনো ম্যাচ খেলতে পারেনি। সব মিলিয়ে মূল একাদশ পাইনি। আমরা খানিটা পরখ করেছি। দেখার ছিল, বাকিরা সুযোগটা কেমন নিতে পারে।

এদিকে আইপিএল ফাইনাল খেলে গতকাল বিকালে ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, সাকিব আজ (গতকাল) সকালে এসেছে। আইপিএলে যে কমিটমেন্ট ছিল তা পূরণ করে এসেছে। মাঠে অনুশীলনেও তাকে পাচ্ছি। সে ঠিক আছে। হয়তো কিছুটা ক্লান্ত আছে, ম্যাচ খেলেই ভ্রমণ করে চলে এসেছে। তবে সে ঠিক আছে, ভালো আছে।

দলের বর্তমান ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, অন্যরা কী বলছে তা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমি বরং একটি দল হিসেবে নিজেদের সামর্থ্যের কথা জানি। প্রস্তুতি ম্যাচ নিয়ে আমরা চিন্তিত নই, যেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে পাইনি এবং এখন আমরা জানি আমাদের কী করতে হবে। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফল এমনিতেই আসবে।

বাংলাদেশ দলনায়ক আরো বলেন, আমাদের কিছু বাধা টপকাতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। আশা করি, আগামীকাল (আজ) আমরা ভালো ক্রিকেট খেলতে সমর্থ হলে অনেকদূর যেতে পারব।

;