ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

প্রার্থীর জন্য দোয়া , রিটার্নিং কর্মকর্তার পদ থেকে চট্টগ্রামের ডিসিকে অব্যাহতি দিচ্ছে ইসি

পক্ষপাতমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে সরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে তদন্ত ছাড়া অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে। তবে এটাও লঘু শাস্তি নয়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ছিল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওই দিন দিন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এসময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রার্থীর বিজয় কামনা করে দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার যেন আওয়ামী লীগ বিজয়ী হয়, সেজন্য বিএনপি-জামায়াতেরও দোয়া করা উচিত বলেও  মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার, সংস্থাপন সচিব, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান একটি নোটিশ পাঠান। নোটিশে তার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

সংবাদদাতা

;