বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজ এ মনোনয়নের কথা জানায়।
বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যৈষ্ঠ কূটনীতিক মিলের মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে। সিনেটে শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। মিল ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
ডেভিড মিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন উর্ধ্বতন কর্মকর্তা যিনি বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন পদে কর্মরত রয়েছেন।
মিনিস্টার কাউন্সেলার পদের এই কর্মকর্তা চীনেই অস্থায়ী ভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন।
এই পদে যোগ দেয়ার আগে তিনি পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অফ ইকনমিক এন্ড বিজনেস অ্যাফেয়ার্সের বানিজ্য নীতি ও আলোচনা বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।
তার আগে তিনি ব্যুরোর স্যাংশান পলিসি এন্ড ইমপ্লিমেন্টেশান বিষয়ক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
ভার্জনিয়িা নিবাসী মিল ন্যশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইসেনহাওয়ার স্কুল থেকে এম এস এবং টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।
তিনি ডেপুটি চিফ অফ মিশন হিসেবে অসাধারণ ভূমিকা পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পান। তিনি চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষাও শিখেছেন।
VOA