ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আপাতত বন্ধই থাকছে সময় টিভি

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে এ সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আগামী ২৫শে আগস্ট আপিল বিভাগে শুনানির দিন ধার্য করেছেন। ফলে এ সময় পর্যন্ত টেলিভিশনটির সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আইনজীবীরা বলেন, সময় টিভি এক সপ্তাহ বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, চেম্বার আদালত তা স্থগিত করেননি। এ কারণে সময় টিভি আপাতত বন্ধই থাকবে।

এর আগে গত ১৯শে আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার আগামী সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে রুলে কোনো ধরনের হুমকি ও জবরদস্তি আরোপ ছাড়া রিট আবেদনকারীকে (শম্পা রহমান) সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচারের অনুমতি দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এবং আহমেদ জোবায়েরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গণমাধ্যমের খবর অনুসারে, গত ১০ই আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়। এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় সিটি গ্রুপের ও সময় টিভির পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরে গত ১৪ই আগস্ট আহমেদ জোবায়ের সময় টিভির এমডি ও সিইও পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। বিচারপতি খিজির হায়াতের একক হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়। আইনজীবীর তথ্য অনুযায়ী সময় টেলিভিশনের ৭৫ শতাংশের মালিক সিটি গ্রুপ এবং ২৫ শতাংশের মালিক অন্য গ্রুপ। এ দু’টি গ্রুপের একটি থেকে এমডি হলে আরেকটি থেকে চেয়ারম্যান হবে।

সুত্রঃ মানবজমিন

;