বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
জীবননগর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হায়াৎ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান। উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, দৈনিক নবচিত্রের প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আরিফুল ইসলাম।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রাখা উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, এছাড়া মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিদর্শককে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
জানা যায়, গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস থাকলেও এ বছর দিবসটিতে সরকারি ছুটি থাকায় ১৪ জুলাই সোমবার দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, তরুণদের প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তারুণ্যের ক্ষমতায়নের ওপর জোর দেন।