ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ,বগুড়ায় ১৭৮ জন প্রশিক্ষিত যুব-যুবনারীর মাঝে ঋণ বিতরণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বগুড়ায় ১৭৮ জন প্রশিক্ষিত যুব-যুবনারীর মাঝে মোট ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

(১২ আগস্ট মঙ্গলবার) বেলা ১১টায় শহরের তিনমাথায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ‘প্রযুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা( যুগ্ন সচিব )।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার যুগ্ম পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, ও টেনস এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. মেহেদী হাসান পাঠান।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৮৯ জন যুবক ও ৮৯ জন যুবতীর মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একইসাথে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও বিভিন্ন যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কোন অভ্যুত্থান স্মরণে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়া, জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ) ২০২৫-এর পদ্মা জোনে অংশগ্রহণকারী ৮ জেলার মধ্যে বিজয়ী হওয়ায় বগুড়ার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা দেওয়া হয়।

৫-১২ আগস্ট দেশব্যাপী ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এডিস মশা নির্মূল ও জনসচেতনতা বাড়াতে যুবদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি যুবকদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মাদকবিরোধী সচেতনতা এবং শান্তি ও শৃঙ্খলা উন্নয়নবিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

;