এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : মঙ্গলবার সকাল ১০টায় একযোগে জেলার ৮০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এবার জেলা থেকে মোট ৪২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী এই মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বগুড়ায় মোট ৪২ হাজার ৭৬১জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ২৩ হাজার ১৭৫জন এবং ছাত্রী ১৯ হাজার ৩১৬জন। সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। কেন্দ্রে প্রবেশের আগে কড়াকড়িভাবে তল্লাশি চালানো হয় এবং মোবাইল ফোনসহ সব ধরণের ইলেকট্রনিক ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ বছর জেলার ৪৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩২ হাজার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৬৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৩৭ জন ছাত্রী। দাখিল পরীক্ষা হচ্ছে ১৯টি কেন্দ্রে, যেখানে পরীক্ষার্থী ৭ হাজার ৭৫০ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৯ জন ছাত্র এবং ৩ হাজার ৫৫১ জন ছাত্রী। এছাড়া কারিগরি (ভোকেশনাল) পর্যায়ে ১৬টি কেন্দ্রে পরীক্ষায় ১ হাজার ৯১১ জন ছাত্র ও ৭২৮ জন ছাত্রী অংশ নিয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো, তৌফিকুর রহমান, বগুড়া জিলা স্কুল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এর সাথে সাথে নকল রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব রুখতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। সেই সঙ্গে কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা জারি করাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।