জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় শ্রেণীর এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দর্শনার মাসুমা মহিলা মাদরাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী দোলা অসুস্থ হলে তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সে দর্শনা থানার কুন্দিপুর গ্রামের দোলাল উদ্দিনের মেয়ে।
ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে তাকে আনার জন্য কেউ মাদ্রাসায় না যাবার কারণে সে রাতে মাদ্রাসাতেই ছিলো।
দর্শনা মাসুমা মহিলা মাদরাসার মুহাতামিম মুফতি গোলাম কিবরিয়া বলেন, প্রতিদিনের মতো মাদরাসার সকল ছাত্রী রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর মেয়েদের বিভাগটা আলাদা হওয়ায় সেখানে মেয়েদের দেখভালের জন্য মহিলা শিক্ষিকা আছে। মেয়েটি তার খালাতো বোনের সাথে একই বিছানায় ঘুমায়। ভোরের দিকে সংবাদ শুনছি মেয়েটি অসুস্থ। এ সময় মেয়েটিকে নিয়ে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোর্তূজা আহসান বলেন, মেয়েটিকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তবে মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মাদরাসা ছাত্রীর পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মেয়েটির মৃত দেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এফ এ আলমগীর