খুলনা বিভাগের খবর

ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন

 
 
খুলনার ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে লটারীর মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নারী কর্মীরা প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সড়কের দুই পাশের পরিচর্যাসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। এর ফলে একদিকে যেমন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে অসচ্ছল নারীদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার ১৪টি ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে ১০ জন নারী কর্মসংস্থানের সুয়োগ পাবে এবং প্রত্যেক নারী প্রতিদিন তিনশত টাকা মজুরী পাবে। এতে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে নারী কর্মী নিয়োগ সম্পন্ন করা হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা। এ প্রকল্পের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।