ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

‘বিষ প্রয়োগে’ বৃদ্ধকে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় তালাকের পর নাতনিকে ফের বিয়ে করা নিয়ে বাকবিতণ্ডার জেরে ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
শামসুল শেখ (৭৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার মৃত করিম শেখের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শামসুল শেখের স্ত্রী সুফিয়া বেগম জানিয়েছেন, বছর দেড়েক আগে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের হাসান আলীর সঙ্গে আমার নাতনি কমলা খাতুনের বিয়ে হয়। খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করায় হাসান আলীকে তালাক দেয় নাতনি কমলা। এর পর থেকে কমলা খাতুন আমাদের বাড়িতেই থাকত।
গত তিন মাস আগে কমলাকে ফুঁসলিয়ে নিয়ে পুনরায় বিয়ে করেন হাসান। গত সোমবার হাসান আমাদের বাড়িতে এলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। রাতে আমার স্বামী বৃদ্ধ শামসুল শেখ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় হাসান আমার স্বামীর ঘাড়ে ইনজেকশনের সিরিঞ্জ ফুটিয়ে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার সকালে মারা যান তিনি।
আমার স্বামী জীবিত অবস্থায় বলে গেছেন, তার নাতজামাই হাসান সিরিঞ্জের ভেতর বিষ দিয়ে তার ঘাড়ে ফুটিয়ে দেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজিদ হাসান জানান, বিষক্রিয়ার কারণে শামসুল শেখের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শামসুল শেখের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করেনি তার পরিবার। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;