ডেস্ক রিপোর্টঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি মজুদ ও তা পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামের পাশের একটি ফাঁকা মাঠে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, নির্দিষ্ট এলাকা ঘিরে বিপুল পরিমাণ পুরাতন ব্যাটারি মজুদ করে তা পোড়ানো হচ্ছিল। এতে ব্যাটারির বিষাক্ত উপাদান ছড়িয়ে পড়ে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
এ ঘটনায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ গ্রামের মিন্না বেপারীর ছেলে আব্দুর রহমান (৫০) কে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে।
এসময় আদালত অবৈধভাবে গড়ে তোলা ব্যাটারি মজুদের কার্যক্রম দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে ওই স্থানে এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
স্থানীয়রা ভ্রাম্যমান আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকায় স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছিল। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।