চুয়াডাঙ্গার দামুড়হুদায় আমবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
উপজেলার তালসারির ইকোপার্ক সড়কে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেনের বাড়ি উপজেলার চন্দ্রবাস গ্রামের শেখপাড়ায়। তিনি দর্শনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে তালসারি ইকোপার্ক সড়কে মোটরসাইকেলে ঘুরতে বের হন ইকবাল। এ সময় একটি আমবোঝাই পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক নিউজবাংলাকে জানান, ঘটনার পর পিকআপভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। পিকআপভ্যানটি নিহতের আপন চাচাতো ভাইয়ের। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতের বাবা শহিদুল হক জানান, তার দুই ছেলের মধ্যে ইকবাল ছোট। ইচ্ছা ছিল তাকে বড় অফিসার বানানোর। কিন্তু তা আর হয়ে উঠল না।