দক্ষিণ আফ্রিকার পথে রওনা হওয়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও হেড কোচ রাসেল ডোমিঙ্গো প্রত্যয়ের সঙ্গে বলছিলেন, এবার দেশটিতে ম্যাচ তো বটেই, প্রথমবারের মতো সিরিজ জয়ের চেষ্টাও করবে বাংলাদেশ। এটা তামিমদের বৃথা আস্ফাালন ছিল না মোটেও। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জিতে তারা বিদেশে জয়ের সক্ষমতার প্রমাণ দেয়। জোহানেসবার্গে পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ফিরে আসে প্রোটিয়ারা। এতে সমতা আসে সিরিজে। দুদল আজ ফের সেঞ্চুরিয়নে মুখোমুখি। সুপারস্পোর্ট পার্কে সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
আন্ডারডগ হিসেবে সিরিজ শুরু করা বাংলাদেশ একটি জায়গায় প্রোটিয়াদের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ টেবিলে ১৭ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে তামিমরা রয়েছেন ১ নম্বরে। অন্যদিকে, ১২ ম্যাচে ৪৯ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার অবস্থান ৯ নম্বরে! তেম্বা বাভুমার দল তাই সিরিজের ট্রফির জন্য যেমন, ঠিক তেমনই সুপার লিগ টেবিলের ১০ পয়েন্টের জন্যও মরিয়া হয়ে খেলবে আজ। বাংলাদেশও চাইবে টেবিলের শীর্ষস্থানটা আরো সংহত ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটটা আরেকটু নিশ্চিত করতে।
২০২১ সাল থেকে দক্ষিণ আফ্রিকা ২১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের বিপরীতে হেরেছে ছয়টি ম্যাচে; দুটি ম্যাচে কোনো ফল হয়নি।
দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে সিরিজে হারিয়ে দেয়া মোটেও সহজ কাজ নয়। যদিও অসম্ভব নয়। বর্তমান সিরিজের সমীকরণ, প্রোটিয়াদের অধারাবাহিক পারফরম্যান্সই আশা দেখায় বাংলাদেশকে, আর আশা জাগছে সেঞ্চুরিয়ন বলে।
গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ইনফর্ম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জানালেন, সেঞ্চুরিয়ন বলেই তারা আত্মবিশ্বাসী। তিনি বলেন, যেহেতু আমরা এখানে প্রথম ম্যাচটি জিতেছি, তাই আমাদের দলের সবার মধ্যেই আত্মবিশ্বাস ভালো।
তবে মিরাজ গুরুত্ব দিচ্ছেন বোর্ডে ভালো রান তোলার ওপর। তার কথায়, সবার আগে রান করতে হবে, ওয়ানডে ক্রিকেটে রান অনেক গুরুত্বপূর্ণ। বোর্ডে রান থাকলে লড়াই করা সহজ হয়ে যায়। বোলারদের জন্য যদি একটি ভালো স্কোর গড়ে দেয়া যায়, তবে আমরা বোলাররা কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বল করতে পারব। আমাদের চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার, নিজেদের সামর্থ্য ও শক্তি অনুযায়ী খেলার। এখনো সিরিজ জয়ের সুযোগ আছে আমাদের। চেষ্টা করব ভালো খেলার। টিম গেম খেলে যেভাবে অতীতে জিতেছি, সেভাবেই সবার ঐক্যবদ্ধ চেষ্টা থাকবে ভালো খেলার।
জোহানেসবার্গে দলের ব্যাটিং বিপর্যয় ও অল্প পুঁজির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ওয়ানডে ক্রিকেটে ২০০ রান করে কিন্তু জেতা সম্ভব নয়, বিশেষ করে ওদের মাটিতে। আগের ম্যাচে (জোহানেসবার্গ) উইকেট অসমান ছিল, যেখানে খেলা ব্যাটারদের জন্য কঠিন। উইকেট ভালো থাকলে চিত্র অন্য রকম হতে পারত। এখানের (সেঞ্চুরিয়ন) উইকেট ভালো। আমরা চাইব ৩০০ রান করতে। দলের সবাই যদি দায়িত্ব নিয়ে খেলতে পারি, তবে ভালো কিছু করা সম্ভব।
এদিকে দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবারে পাঁচজন অসুস্থ। তিনি দেশে ফিরে আসতে চেয়েও আসেননি শেষ ওয়ানডে খেলবেন বলে। এ পরিস্থিতিতে দলের প্রত্যেকেই সাকিবকে সমর্থন করছেন বলে জানালেন মিরাজ। তার কথায়, সাকিব ভাই মেন্টালি স্ট্রং। তার ফ্যামিলি ইস্যু অবশ্যই বড় একটা বিষয়। এ মুহূর্তে দলের সবাই তাকে সাপোর্ট করছে।