এম,সেলিম আবেদ, খুলনা জেলা সংবাদদাতা ঃ
গতকাল ১৬ ডিসেম্বর, রাত পোহালেই মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসকে ঘিরে ফুলবাজার এখন চাঙ্গা, চলছে কেনাবেচা ও সাজ সজ্জার প্রস্তুতি। তবে বিজয় দিবসকে ঘিরে ফুল বেশ বাড়তি দামে কেনা লাগছে এমনটাই জানিয়েছেন ফুল ব্যবসায়ীরা। তারা বলছেন, বছরের বিশেষ দিনগুলোতে বিশেষ করে পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি ও দিবস পালনে ফুলের চাহিদা বেশি থাকার কারণে নৈমিত্তিক সময়ের চেয়ে দাম বাড়তি হয়ে থাকে। তাছাড়া বর্তমানে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে পরিবহন খরচও বেড়েছে, তাই ডুমুরিয়া উপজেলার বরাতিয়ায় সহ উপজেলার বিভিন্ন বাজারে ফুলের বর্তমানে বাড়তি দাম চলছে। বিজয় দিবস উপলক্ষে বেশ ব্যস্ত সময় পার করছে তারা। ব্যবসায়ীরা দোকানের সামনে থরে বিথরে সাজানো রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিয়াস, জুঁই, চামেলী, জারবেরা, গাঁদাসহ নানা রঙ ও বর্ণের ফুল, হাতে চুড়ি আর ককসিট নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলীর রিং মালা প্রস্তুতির জন্য, একই সাথে বুকেট, ডালা, তোড়া ইত্যাদি তৈরীতে। যে কারণে মহান বিজয় দিবসের এই উৎসব ঘিরে ফুল কেনাবেচায় ফুলের বাজার এখন চাঙ্গা। বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতায় পড়ে ব্যবসায়ীরা বহুমুখি ক্ষতিপূরণ পুষিয়ে নিতে ভালো কেনাবেচার আশায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। বিক্রেতা জানিয়েছেন, প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ১০ টাকা, অন্য রঙের গোলাপ বিক্রি হচ্ছে ২০টাকা, গ্লাডিয়ালাক্স ২৫টাকা, রজনীগন্ধার স্টিক ১৫টাকা, মল্লিকা ১০/১৫টাকা, জিপসি প্রতি থোঁকা ২০, জারবেরা প্রতি পিচ ৩০টাকা, ফুলের তোড়া ১৫০টাকা, ডালা ৫/৬’শ টাকা, বুকেট ২’শ টাকা, শ্রদ্ধাঞ্জলীর রিং ৬’শ টাকা হতে ৫ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি করা হচ্ছে।১৫ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর দিনজুড়ে ফুল কেনাবেচার ভালোই ক্রেতা সাড়া মিলবে এমনই স্বপ্ন দেখছেন নগরীর ফুল ব্যবসায়ীরা। দেখা গেছে, বাড়তি দামে কেনাবেচায় ব্যবসায়ীদের মুখে হাঁসি ফুটলেও নারাজ হচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ী বাসার জানান, পয়লা বসন্ত, ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, একুশে ফেব্রুয়ারী, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরে বেশ কেনাকাটার চাপ থাকে। তাছাড়া সারা বছরই চলে ঝিমিয়ে ঝিমিয়ে ব্যবসা। বিশেষ দিনগুলোতে ফুলের দাম বেশ চড়াও হয় যায়। কয়েকদিন আগে গাদা, রজনীগন্ধা, গোলাপ ইত্যাদি ফুলের দাম যা ছিল বর্তমানে তার ডবল। চাহিদা অনুসারে ফুলের সরবরাহ কম। তাছাড়া ফুল রাজধানী মুখি হওয়ার কারণে এখন দাম অনেক বেশি। বিজয় দিবসকে ঘিরে নগরীর ফুলের বাজারে যেন আগুন লেগেছে এমনই মন্তব্য ফুল কিনতে আসা সাধারণ ক্রেতাদের।