ভুটানের সঙ্গে ড্র করলেই ফাইনালের টিকিট পেত বাংলাদেশ। কিন্তু লাল-সবুজ জার্সিধারীরা আজ ভুটানকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে দাপটে ফাইনালে জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার ফাইনালে শামসুন্নাহারের দলের প্রতিপক্ষ নেপাল, যারা আজ ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে অনুষ্ঠিত ম্যাচে নেপাল ৩-১ গোলে ভারতকে হারিয়ে চমক দেখায়। নেপালের হয়ে অঞ্জলী চাঁদ ৪৮ মিনিটে, প্রীতি রায় ৬৯ মিনিটে ও আমিশা কারকি ৮৯ মিনিটে গোল করেন। ভারতের হয়ে অপূর্ণা নারজারি ২১ মিনিটে একটি গোল করেন। এই হারে স্বপ্নভঙ্গ হয় ভারতের, যারা রাউন্ড রবিন লিগ পর্বে ভুটানকে ১২-০ গোলে হারায় ও বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করে।
এরপর সন্ধ্যায় বাংলাদেশ কোনো পাত্তাই দেয়নি ভুটানকে। তারা গুণে গুণে পাঁচ গোল দেয় ভুটানের জালে। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান দখল করল বাংলাদেশ, নেপালের ঝুলিতে ৬ পয়েন্ট।
রাউন্ড রবিন লিগে নেপাল একটি ম্যাচ হেরেছে এবং সেটি বাংলাদেশের কাছেই। এটাই আশাবাদী করে তুলছে শামসুন্নাহারের দলকে। গত বছর নেপালের মাটিতে নেপালকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতে নেয় বাংলাদেশের নারীরা। সাবিনা, কৃষ্ণাদের দেখানো পথে আরেকটি সাফ শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।