ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী সম্পত্তিতে কাজ করার অভিযোগ 

খুলনা জেলা প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী সম্পত্তিতে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে।
জানা যায়, গত ০৬/০৬/১৯৮৮ সালে ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত জমাদ্দার বিশ্বাসের ছেলে মোঃ আফসার উদ্দিন বিশ্বাস ৩৬২৭ নং দলিল মূলে চুকনগর গ্রামের মৃত ফনি ভূষণ কুন্ডের ছেলে বলাই কৃষ্ণ কুন্ডুর কাছ থেকে ০.১২০ একর জমি ক্রয় করে। সেই থেকে তারা জমিটি ভোগ দখল করে আসছে। কিন্তু গত ০৫/০৪/২০২৩ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মৃত বলাই কৃষ্ণ কুন্ডুর ছেলে পার্থ কুমার কুন্ডু ও বৈদ্যনাথ কুন্ডুসহ আরো ৫/৬ জন তাদের দেয়াল, পিলার ও সানসেট ভেঙে সেখানে বিল্ডিং নির্মাণের চেষ্টা করে। নিরুপায় হয়ে মৃত আফসার আলী বিশ্বাসের মেয়ে রেহেনা আক্তার শান্তি শৃংখলা রক্ষা ও কাজ বন্ধের আবেদন করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নালিশী জমির দখল ও দাখিলা বিষয়ে তদন্ত করে চৌহদ্দি ও স্কেচ ম্যাপসহ প্রতিবেদন দেওয়ার জন্য ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন এবং ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেয়। আদালতের আদেশ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করাসহ শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বলেন। কিন্তু তারপরও আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা প্রতিদিন রাতে কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা আদালতের নির্দেশনা অমান্য করে পিলার নির্মাণ ও মেঝের কাজ করেছে। এ ব্যাপারে পার্থ কুন্ডু আদালতের নির্দেশ অমান্য করে কাজ করার কথা অস্বীকার করেছেন। এসআই ফরিদ হোসেন বলেন , বারবার নিষেধ করার পরও বিবাদীরা গোপনে কাজ করছে।

;