প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত সাইদুল ইসলাম (৩২) উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের গাজী পাড়ার মৃত মোনজের আলীর ছেলে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায় জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানে গাছ কাটার সময় অসাবধানতা বশতঃ গাছের নিচে চাপা পড়েন তিনি।
কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু জানান, সাইদুল ইসলাম পেশায় একজন গাছকাটা শ্রমিক। প্রতিদিনের ন্যায় উপজেলার সন্তোষপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালেব হোসেনের বাগানে তিনিসহ ১১জন শ্রমিক শিশুগাছ কাটছিলেন। গাছ কাটার এক পর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো শিশু গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার সাথে কাজ করা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুল ইসলামের মৃত্যু হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।