খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মণ্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাধবকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মণ্ডল ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমারেশ মণ্ডলের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সবুজ মন্ডল মাধবকাটি বিলে নিজ মৎস্য ঘেরে বিকল হয়ে যাওয়া একটি সেচপাম্প মেরামতের কাজ করছিলেন । এ সময় অসাবধানতাবশত মূল বিদ্যুৎ লাইনের সংযোগ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনা প্রসঙ্গে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।