এম আব্দুর রাজ্জাক উত্তরাঞ্চল বগুড়া থেকে :
রাজশাহী বিভাগের ২৪ উপজেলা পরিষদের চেয়ারম্যানেরা শপথ নিয়েছেন।২৫ জুন দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে ২৪ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এ সময় তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও জন্য আহ্বান জানান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। আজকের এ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়। তৃতীয় ধাপে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ১৪টি উপজেলা ও চতুর্থ ধাপে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১০টি উপজেলায় নির্বাচন হয়।