প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুরে ইটবোঝাই দ্রুতগতির ট্রাক্টর চাপায় কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার সামসুল আলম (৫৫) নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর-কোমরপুর সড়কে মর্ডান ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সামসুল আলম উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের ইছারদ্দির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, দুপুর দেড়টার দিকে কুনিয়াচাঁদপুর মাদ্রার সুপার সামসুল আলম মাদ্রাসা থেকে নিজ মোটরসাইকেলে চেপে বাড়ী ফিরছিলেন এমতাবস্থায় তিনি দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর-কোমরপুর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের টলিতে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিঁটকে পড়েন।
এ সময় তার মাথার উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.ওয়াসিম আলী তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ওয়াসিম বলেন, তার মাথায় প্রচন্ড আঘাত হয়েছে ও পেট থেকে ভুঁড়ি বের হয়ে গিয়েছিলো। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ট্রাক্টর চালক পালিয়ে গেছে, তবে ঘাতক ট্রাক্টরটি থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।