এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। (৯ জানুয়ারি শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১১টি মোবাইল, একটি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। এনএসআই ও পুলিশের পক্ষ থেকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকদের মধ্যে দুজন প্রশ্নফাঁস চক্রের সদস্য, ৬ জন পরীক্ষার্থী ও একজন অভিভাবক। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আটক ৬ পরীক্ষার্থী হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩২) ও চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩৩), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৭) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩৩), সাপাহার উপজেলার কওমি মাদরাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩৬) ও পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩০)।
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী-প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক- ৯
প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ৮:৫০ : পূর্বাহ্ণ |
বিভাগ : শিক্ষাঙ্গন