ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বালিশকাণ্ড: ঠিকাদার আসিফের জামিন স্থগিত

বালিশকাণ্ড’ হিসেবে বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে দুদককে লিভ টু আপিল আবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতত্বে আপিল বিভাগ রবিবার এ আদেশ দেন। আসিফের জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনে এ আদেশ দেন আদালত। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আসিফের পক্ষে আইনজীবী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। হাইকোর্ট গত ২১ অক্টোবর আসিফকে জামিন দেন।

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আবাসন প্রকল্পে অস্বাভাবিক দামে বালিশসহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে গতবছর ১২ ডিসেম্বর পাবনায় পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে দুটি মামলায় আসামি করা হয় আসিফ হোসেনকে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিনসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের ১১০টি ফ্ল্যাটের জন্য অস্বাভাবিক মূল্যে আসবাবপত্র কেনা ও তা ভবনে উঠানোর খরচ দেখানোর অভিযোগে পাবনায় পৃথক চারটি মামলা করেছে দুদক।

গত বছরের ১৬ মে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিদের থাকার জন্য গ্রিন সিটি আবাসন পল্লীতে ২০ তলা ১১টি ও ১৬ তলা ৮টি ভবন হচ্ছে। এরই মধ্যে ২০ তলা আটটি ও ১৬ তলা একটি ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি বৈদ্যুতিক চুলার দাম ধরা হয়েছে ৭ হাজার ৭শ ৪৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ৬ হাজার ৬শ ৫০ টাকা, একটি বালিশের দাম ধরা হয়েছে ৫ হাজার ৯শ ৫৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ৭শ ৩০ টাকা। একটি বৈদ্যুতিক কেটলির দাম ৫ হাজার ৩শ ১৩ টাকা যা তুলতে খরচ দেখানো হয়েছে ২ হাজার ৯শ ৪৫ টাকা।

প্রবাহঅনলাইন ডেস্ক

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;