উথলী ডিগ্রী কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী ডিগ্রী কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদের সদস্য মোঃ ইউনুস আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, জিনিয়া পারভিনসহ কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সামিউল হক টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও দায়িত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আকরাম হোসেন।
অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উথলী ডিগ্রী কলেজে ভর্তি হওয়া নবীন ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধার স্টিক ও ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনদের আগমনে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার এই নতুন অধ্যায়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কলেজের সুনাম ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।