জীবননগরে অবৈধভাবে মজুত ও পাচারের সময় ৩ শতাধিক বস্তা সার জব্দ ব্যবসায়ী খালেক আটক
চুয়াডাঙ্গার জীবননগরে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৩০০ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘মেসার্স তৌফিক ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখের নেতৃত্বে উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্স থেকে অবৈধভাবে সরকারি ভর্তুকির সার পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই প্রতিষ্ঠানের চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে মজুত রাখা ৩০০ বস্তা সরকারি সার জব্দ এবং প্রতিষ্ঠানের মালিক আব্দুল খালেককে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি গোডাউন থেকে ৩০০ বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে, শুক্রবার জীবননগরের বাজারের সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।