রাজবাড়ী শহরের পৃথক স্থানে ট্রেন থেকে পড়ে এক নারী ও এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে বড় লক্ষ্মীপুর ও সদর উপজেলার কুটি পাচুরিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার নাজমা বেগম (৩৮) ও বরিশালের বানারীপাড়া উপজেলার সালিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সাকিব (৩০)।
ওসি মিজানুর বলেন, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাত আড়াইটার দিকে রাজবাড়ী শহরের বড় লক্ষ্মীপুর এলাকা পার হচ্ছিল। এ সময় ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যান সাকিব। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে ষ্টেশন মাস্টার রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকার খবর পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ সময় সাকিবের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের পর বিকেল ৪টার দিকে বাবা রফিকুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
অন্যদিকে গতকাল রাত ১০টার দিকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী সদর উপজেলার কুটি পাঁচুরিয়া এলাকা পার হওয়ার সময় নাজমা বেগম ট্রেন থেকে পড়ে মারা যান।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, রেলওয়ে পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।