গাজীপুরে দাঁড়িয়ে থাকা র্যাবের একটি মাইক্রোবাসকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে র্যাবের এক সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম সার্জেন্ট খাইরুল ইসলাম (৩৮)। অপরজন অটোচালক লিটন (৪০)। তিনি ভবানীপুরের সিংদিগী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমির আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, র্যাব-১ এর একটি দল গাজীপুর ক্যাম্প থেকে মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো চ ১১-৭৫১০) একজন মাদকের আসামি নিয়ে শ্রীপুর থানায় যাচ্ছিল। পথিমধ্যে ভবানীপুর তাদের মাইক্রোবাস বিকল হয়ে পড়ে। র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ঠেলে মাইক্রোবাসটি রাস্তার পাশে নিয়ে যাচ্ছিলেন। এসময় পাশ দিয়ে যাওয়ার সময় র্যাবের অনুরোধে মাইক্রোবাস ঠেলতে হাত লাগান অটোচালক লিটন ও অটোমাবাইল মিস্ত্রি রিফাত। হঠাৎ করে ময়মনসিংহের দিকে যাওয়া দ্রুতগামী একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫২-০৭১২) র্যাবের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক লিটন (৪০)। গুরুতর আহত হন র্যাবের ওয়ারেন্ট অফিসার মো. শরীফ, সার্জেন্ট খাইরুল, নায়েক প্রদীপ, সৈনিক আতিক, মাদক আসামি সুজন ও মিস্ত্রি রিফাত।
তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে সার্জেন্ট খাইরুলের মৃত্যু হয়। আহত র্যাব সদস্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকায় পাঠানো হয়।
এবিষয়ে মাওনা হাইওয়ে থানার এসআই মো. হাদিউল বলেন, নোয়া মাইক্রোবাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অটোচালকের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সার্জেন্ট খাইরুলের লাশ তাদের হেফাজতে রয়েছে।
প্রতিনিধি