ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নিজ নামে প্রকল্প প্রধানমন্ত্রীর ‘না’

গতকাল মঙ্গলবার একনেক সভায় ৭ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে ‘শেখ হাসিনা সোলার পার্ক’ নামে একটি প্রকল্পের প্রস্তাব করেন আমলারা। তবে প্রস্তাবটি অনুমোদনের সময় প্রকল্প থেকে নিজের নাম কেটে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব তোলা হয়। তখন প্রধানমন্ত্রী এই প্রকল্প থেকে নিজের নাম কেটে দেয়ার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, বৈঠকে উপস্থিত সচিবরা প্রধানমন্ত্রীর নামে সোলার পার্ক করার প্রস্তাব করেছিলেন। সবার বক্তব্য ছিল, এই সোলার পার্ক দেশের সবচেয়ে বড়। তা ছাড়া এটি আইকনিক প্রকল্প।

সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিজের নাম বাদ দিতে। পরে তিনি এর নাম দেন সোলার পার্ক, জামালপুর।
মন্ত্রী আরও জানান, ‘এ সোলার পার্ক, ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৩ সালে বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)।
সভায় গ্রাম পর্যায়ে টেলিটকের ৫-জি সেবা সম্প্রসারণ, মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণসহ ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সড়ক ও সেতু সংশ্লিষ্ট তিন প্রকল্প বাস্তবায়ন হয়েছে একনেকে। এরমধ্যে ৯টি নতুন প্রকল্প আর একটি সংশোধিত। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে এক হাজার ১৮৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৭ কোটি ব্যয় করা হবে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

ডেস্ক রিপোর্ট

;