ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কানে হেডফোন গেমে বুঁদ,ট্রেনের নিচে পড়ল ৪ কিশোর

তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। কিন্তু ওরা মগ্ন মোবাইল ফোন নিয়ে। কানে হেডফোন, চোখ মোবাইল স্ক্রিনে। অন্য কোথাও তাদের ভ্রুক্ষেপ নেই। অসতর্কতার মাশুল দিতে হল নিজেদের জীবন দিয়ে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চার কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে ওই চার কিশোর রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন লাগিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের চোখ ছিল মোবাইল ফোনে। পাবজি, ফ্রি ফায়ারের মতো কোনও গেমে বুঁদ ছিল তারা। এভাবেই রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিল তারা বলে স্থানীয়দের একাংশের দাবি। আর ঠিক সে সময় ডাউন লাইনে ছুটে আসছিল আগরতলা-দেওঘর এক্সপ্রেস। অনেকে চিৎকার করছিলেন। ট্রেনও হুইসেল বাজাতেে বাজাতে এগিয়ে আসছিল। কিন্তু তা ওই চার কিশোরের কানে পৌঁছলে তো!

ধুমডাঙ্গী স্টেশন লাগোয়া ৩২ নম্বর রেল গেটের কাছে ট্রেনের ইঞ্জিনের সামনে পড়ে যায় তারা। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চারটি দেহ। ছুটে আসেন স্থানীয়রা। এদিকে ওই রেলগেটে কর্মরত রেলকর্মীরা ইঞ্জিনের সামনের চাকায় আগুনের ফুলকি দেখতে পাওয়ায় স্থানীয় স্টেশনে খবর পাঠালে পরবর্তী স্টেশনেই দাঁড়িয়ে যায় ট্রেনটি।

এরপর দেখা যায় রেল লাইনের ধার বরাবর রক্তাক্ত ক্ষতবিক্ষত ছিন্নবিচ্ছিন্ন দেহাংশ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। আসে রেল পুলিশও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা। তবে তাদের পুরো পরিচয় এখনও অজানা।

;