আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট। প্রতিটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থীকে বসানো হবে স্বাস্থ্যবিধি মেনে। কেন্দ্রে কোনো অভিভাবক প্রবেশ করতে পারবেন না। নির্ধারিত সীমানা পর্যন্ত একজন অভিভাবক আসতে পারবেন।
করোনার কারণে এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। পরিপত্রটি সব বিভাগীয় কমিশনার, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। গত ২ নভেম্বর জারি করা পরিপত্রটি সম্প্রতি প্রকাশ করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। এ কারণে একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সাথে কেন্দ্রে আসতে পারবেন না। একইসাথে কেন্দ্রগুলোকে পরীক্ষা পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ৫ সেপ্টেম্বর জারি করা গাইড লাইন মানতে হবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। কোনো কারণে পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বলে পরিপত্রে নির্দেশনা দেয়া হয়েছে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন সংশ্লিষ্ট বোর্ডকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্র সচিবদের।
কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না।
ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক বা সৃজনশীলের সকল সেট প্রশ্নই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে।
এ বছর পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, রসায়ন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, জীব বিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।