ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডিএনসিসি মেয়রের হুঁশিয়ারি, টিকা সনদ না থাকলে দোকানপাট বন্ধ

নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা না থাকলে দোকানপাট বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার রাজধানীর দক্ষিণখানের কসাই বাড়ি রেলগেট এলাকায় গণটিকা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র বলেন, গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেননি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নাম্বার থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন। বন্ধের দিনগুলাতেও টিকা কেন্দ্র খোলা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

টিকা প্রদান সহজতর করার পরও যারা কোনো প্রকার টিকা নেবেন না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন মেয়র আতিক। তিনি আরও বলেন, যেসব দোকানপাটের মালিক ও কর্মচারী অন্তত এক ডোজ করোনা টিকা গ্রহণের প্রমাণপত্র দেখাতে পারবে না তাদের দোকানপাট বন্ধ করে দেয়া হবে।

আগামীকাল শনিবারের পর থেকে প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ হবে। যারা এখনো প্রথম ডোজ নেননি, কালকের মধ্যে সেটি নেয়ার আহ্বান জানান মেয়র মো. আতিকুল ইসলাম।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;