ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ দেশেই অবস্থান করার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কিকে ইউক্রেন ছাড়তে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজ দেশ ছেড়ে যাবেন না। রুশ সেনাদের আক্রমণে তিনি ও তার দেশের নাগরিক পিঠ দেখাবেন না বলেও জানিয়েছেন তিনি।

এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি বিবিসি বলছে, জেলেনস্কিকে সাহায্য করতে মার্কিন সরকার প্রস্তুত। কিন্তু জেলেনস্কি বলেছেন, যুদ্ধ চলছে, আমার গোলাবারুদ দরকার, কোনো ভ্রমণ নয়।

আজ শনিবার সকালে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বার্তায় তিনি বলেন, আমাকে আটকে রাশিয়া তাদের পছন্দের নেতাকে ক্ষমতা দিতে চেয়েছিল। আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি।

রাজধানী কিয়েভের রাস্তায় হাঁটার সময় করা ওই ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, আমরা আমাদের দেশকে রক্ষা করবো, কারণ আমাদের সত্যই আমাদের অস্ত্র। আর সত্য হচ্ছে, এই ভূমি আমাদের, দেশ আমাদের; আমরা এর সবই রক্ষা করবো।

এ সময় অনলাইনে প্রচুর ভুয়া সংবাদ প্রকাশ হচ্ছে উল্লেখ করে সত্যকে বিশ্বাস করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার আক্রমণে এ পর্যন্ত তিনটি শিশুসহ মোট ১৯৮ জন ইউক্রেনিয় নিহত হয়েছেন। আহত হয়েছে ১১১৫ জন। আহতদের মধ্যে ৩৩ ‍শিশু রয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীতে রাশিয়ার বাহিনীর হামলায় দুই শিশুসহ ৩৫ জন আহত হন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্তর লেশকো।

;