ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জ্যোতির্বিদরা জানালেন ঈদের চাঁদের আগাম তথ্য

বিশ্বজুড়ে মুসলমানরা পালন করছেন সিয়াম সাধনার মাস রমজান। এ মাসের শেষেই আসে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম ঈদুল ফিতর। মুসলমানদের জন্য যা অত্যন্ত আনন্দের। মূলত শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করা হয়। সে কারণে রোজা ৩০ দিন না ২৯ দিন পালন করা হবে তা নির্ভর করে চাঁদের ওপর।

প্রতিবছরই ৩০ রমজান পূর্ণ হওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। চন্দ্র মাসগুলো ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। আর তাই রমজান শেষে ঈদ উৎসবের প্রহর গুণতে হয় মুসলমানদের। এবার সেই অনিশ্চয়তা দূর করতে চেষ্টা করেছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন ৩০ এপ্রিল শনিবার রাতে বিশ্বের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাবেনা।

ক্রিসেন্ট মুন ওয়াচের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ১ মে রোববার রাতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দেখা মিলবে শাওয়াল মাসের চাঁদ। পরদিন সোমবার সেসব দেশগুলোতে উদযাপন হবে ঈদুল ফিতর। এর মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আফ্রিকাসহ বেশকিছু দেশ। আর ২ মে, সোমবার রাতে এশিয়াসহ সারাবিশ্বেই দেখা যাবে চাঁদ। সে অনুযায়ী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এ অঞ্চলের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন হবে ৩ মে, মঙ্গলবার।

তবে বাংলাদেশে ঈদের ক্ষেত্রে সবশেষ সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির বৈঠক থেকেই জানানো হবে ঈদ উদযাপনের তারিখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;