ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ১৩২

মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৩২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। কাতিবা মাসিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা শনি ও রোববার মধ্যরাতে মালির মধ্য মোপ্তি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালায়। হামলায় এই নিহতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে মালির সরকার এ তথ্য জানিয়েছে। খবর ফ্রান্স টুয়েন্টিফোর।

বিবৃতিতে জানানো হয়, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন আমাদৌ কাউফার মাসিনা কাতিবার সদস্যরা বেসামরিক লোকজনকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে। মধ্য মালির দিয়াল্লাসাগৌ ও নিকটবর্তী দুটি গ্রাম, দিয়াওয়েলি এবং ডেসাগৌ-তে এই হত্যাকাণ্ড ঘটানো হয়, যে অঞ্চলটির মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল।

তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে, ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বলেছেন, ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।

মালি ও মধ্য সাহেল অঞ্চলে কয়েক মাস ধরে হত্যাকাণ্ড চালানোর পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দেশটির সরকার। এই অঞ্চলে আইএস ও আল-কায়েদার সহযোগী সংগঠনগুলো সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালের পর থেকেই এ ধরনের সহিংসতা চলছে সেখানে। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে।

;