বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নেয়া উদ্যোগের সুফল পাচ্ছে দেশের মানুষ। বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। বেসরকারি খাতেও স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখতে হবে, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে খুব অল্প খরচে চিকিৎসা নিতে আসেন। তারা যেন উন্নত চিকিৎসা পায়, সেদিকে দৃষ্টি দিতে হবে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে এখনো চিকিৎসক-নার্সের অভাব দেখা যায়। অনেকেই যেতে চান না। সবাইকে রাজধানীতেই থাকবে হবে এমন নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি চিকিৎসকদের দেখার অনুরোধ করছি।যেন উপজেলা পর্যন্ত মানুষ চিকিৎসাসেবা পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল। সম্মানিত অতিথি ছিলেন রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
জানা গেছে, নতুন এ হাসপাতালে বিশেষায়িত সেবার পৃথক পাঁচটি কেন্দ্র থাকবে- জরুরি চিকিৎসাকেন্দ্র, হৃদরোগ ও স্নায়ুরোগ সেবাকেন্দ্র, হেপাটোবিলিয়ারি ও যকৃৎ প্রতিস্থাপনকেন্দ্র, কিডনি রোগকেন্দ্র এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। এ ছাড়া থাকবে ১০০ শয্যার আইসিইউ শয্যা ও জরুরি চিকিৎসার ১০০ শয্যা।
২০১৬ সালের ২রা ফেব্রুয়ারি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের অনুমোদন দেয় একনেক। ২০১৮ সালের ১৩ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পে দশমিক শূন্য ১ শতাংশ সুদে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। ৩৩০ কোটি টাকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাকি টাকা আসছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে।
ডেস্ক রিপোর্ট