রেজাউল করিম লিটনঃ
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাই-চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হোসেন জাকির।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, “মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষকে আইন মানতে হবে। অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সড়কে পথচারীদের পারাপারের জন্য জেব্রাক্রসিং তৈরি ও বিলবোর্ড লাগাতে হবে।”