ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডাকওয়ার্থ-লুইস আইনে আজ ভারতের কাছে ৫ রানে হারল বাংলাদেশ

আইসিসি টি২০ বিশ্বকাপে আজ ভারতের কাছে ডাকওয়ার্থ-লুইস আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে আগে ব্যাটিং করে বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। রান তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে নেয়ার পর বৃষ্টিতে খেলা বিলম্বিত হয়। পরে বাংলাদেশকে ১৬ ওভারে ১৫১ রানের সংশোধিত টার্গেট দেয়া হয়, যার পেছনে ছুটে ৬ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয় সাকিব আল হাসানের দল।

লিটন দাসের হাফসেঞ্চুরিতে ভর করে পাওয়ার প্লের ৬ ওভার থেকেই বাংলাদেশ তুলে নেয় ৬০ রান। এ সময় মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন লিটন দাস, যা চলতি টি২০ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। বৃষ্টি শুরুর আগে লিটন ৫৯ ও শান্ত ৭ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি শেষে খেলা পুনরায় শুরু হলে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু বাকি ৫৪ বলে ৮৫ রান তুলতে পারেনি টাইগাররা।

বৃষ্টির পর মাঠে নেমে নামের পাশে আর এক রান যোগ করে রানআউটের শিকার হন লিটন। তাতে রান চেজও চ্যালেঞ্জের মুখে পড়ে। নুরুল হাসান (২৫*), নাজমুল হোসেন শান্ত (২১) ও তাসকিন আহমেদ (১২*) চেষ্টা করেও শক্তিশালী ভারতকে পরাভূত করতে পারেননি। শেষ ওভারে ২০ রান তোলার চ্যালেঞ্জে হেরে যায় বাংলাদেশ।

;