চলতি আইসিসি টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
ভারত গ্রুপ-২ চ্যাম্পিয়ন হয়ে ও ইংল্যান্ড গ্রুপ-১ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে। আজ সেমিফাইনালে দেখা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা এ দুটি দলের। ভারত ২০০৭ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন, ইংলিশরা একমাত্র শিরোপা জিতেছে ২০১০ সালের ওয়েস্ট ইন্ডিজ আসরে। দ্বিতীয় মুকুটের খোঁঁজে থাকা ভারত ও ইংল্যান্ড আজ ফাইনালের টিকিট কাটতে মাঠে নামছে।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। ২২ ম্যাচের মুখোমুখিতে ভারত ১২টিতে ও ইংল্যান্ড ১০টিতে জিতেছে। আর সর্বশেষ ৫ দেখায় চারবারই জিতেছে রোহিত শর্মার দল।
চলতি বিশ্বকাপের শুরুর দিকে রান তোলায় ধীরগতির দলগুলোর অন্যতম ভারত, অথচ একটি সময় তারাই ছিল শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ে পাইওনিয়ার। সুপার টুয়েলভ পর্বে পাওয়ার প্লেতে ওভারপ্রতি ৫.৯৬ করে রান তুলেছেন রোহিত, লোকেশ রাহুলরা। নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও পাকিস্তানের পেছনে রয়েছে তারা। যদিও সেটা পুষিয়ে দিয়েছেন টেলএন্ডাররা। শেষ চার ওভারে সব দলের মধ্যে ভারত সর্বোচ্চ ১১.৯০ করে রান তুলেছে।
ব্যাটিংয়ে ইংল্যান্ডের ভরসা দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। দুজন দলের সেরা ব্যাটার। তবে বাটলারের সঙ্গে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের পুরনো দ্বৈরথ আছে। ভুবির চেয়ে বেশিবার আর কোনো বোলার বাটলারকে আউট করতে পারেনি। আন্তর্জাতিক টি২০-তে ৩২ বলে ৩০ রান দিয়ে পাঁচবার তাকে আউট করেন ভারতীয় পেসার। এর বেশির ভাগই প্রথম তিন ওভারের মধ্যে ও সুইং বলে। অবশ্য এ টুর্নামেন্টে বাটলার বেশ সতর্ক। তিনি পাওয়ার প্লেতে ১০৮.১৬ স্ট্রাইক রেটে ও প্রথম তিন ওভারে ৯৩.৫৪ স্ট্রাইক রেটে রান তুলেছেন। উইকেটে টিকে যাওয়ার পর তিনি আগ্রাসী ব্যাটিং করেছেন। আজও একই কৌশলে খেলতে পারেন।