হাসান নিলয়ঃ
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নানা অভিযোগে ২ টি কসমেটিকসের দোকানের মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ রোববার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা শহরে বড় বাজার এলাকায় বিভিন্ন কসমেটিকসের দোকানো ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারি পরিচালক সজল আহম্মেদ।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,রোববার দুপুরে চুয়াডাঙ্গার বড়বাজার পুরাতন গলি ও নিউমার্কেট এলাকায় কসমেটিকস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুরাতন গলির ভিতর আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, নিম্নমানের অননুমোদিত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স মামুন কসমেটিকসের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই সময়ে নিম্নমানের ও নাম পরিচয় বিহীন ভেজাল কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স সওদাগর কসমেটিকসের মালিককে ৬ হাজার টাকা সহ ২টি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারি পরিচালক সজল আহম্মেদ।